রাজধানীর শনির আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিম (৬২) মারা গেছেন। রোববার (১২ জুলাই) রাতে নিজ বাড়ির নিচতলায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়া ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রা ভাই একেএম আব্দুল্লাহি বাকি জানান, রেজাউল করিম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদ থেকে প্রায় দেড় বছর আগে অবসরে যান। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং শনির আখড়ায় নিজস্ব তিনতলা ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন।
তিনি জানান, রোববারের বৃষ্টিতে রেজাউলের বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি জমে থাকা পানির মধ্যেই মোটরের সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। এ সময় আশপাশে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।