যশোরের মণিরামপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) উপজেলার জয়নগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই স্থানীয় কিছু বখাটের উত্ত্যক্তের শিকার হচ্ছিল।
শনিবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় জয়নগর জামতলা এলাকায় তাকে একা পেয়ে সমীরসহ কয়েকজন যুবক জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে তার ভাই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের ফরেনসিক বিভাগ জানিয়েছে, শারীরিক পরীক্ষা ও আলামত সংগ্রহ সম্পন্ন হয়েছে; রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।