মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর। বাংলাদেশ সময় সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের নানা প্রান্তের সঙ্গীতাঙ্গনের খ্যাতনামা শিল্পী ও ব্যক্তিত্বরা।
তবে এবারের রেড কার্পেটে বিশেষ নজর কেড়েছেন পপ গায়িকা চ্যাপেল রোয়ান। তিনি আগের মতো এবারও প্রায় নগ্নরূপী, সাহসী পোশাকে হাজির হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। চ্যাপেল এই অনুষ্ঠানে পরেছিলেন স্বচ্ছ, গাঢ় তামাটে রঙের কাস্টম গাউন। পোশাকটি ডিজাইন করেছিলেন মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাস।
তার কাস্টম নেগ্লিজি গাউন ও ম্যাচিং কেপটি তৈরি হয়েছে গাঢ় লাল গার্নেট সিল্ক জর্জেট দিয়ে। পায়ে ছিল স্ট্র্যাপি হিল, গলায় সোনালি চোকার, চোখে স্মোকি মেকআপ। পিঠের খোলা অংশে দেখা যাচ্ছিল ট্যাটু।
চ্যাপেল রোয়ান গ্র্যামির ৬৭তম আসরে ‘বেস্ট নিউ আর্টিস্ট’ হিসেবে পুরস্কার জিতেছিলেন। এবারের আসরে তার জনপ্রিয় গান ‘The Subway’-এর জন্য তিনি ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ এবং ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে এবারের আসরে বিচারকদের মন পুরোপুরি দখল করতে পারেননি তিনি।
বছর দুই আগে পোশাক নিয়ে বিতর্কের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। তবে সবকিছুই আমি পাত্তা দিই না।”