জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সিলেট বিভাগের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
গতকাল তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আজ সকালে ব্যাট হাতে নামতেই সেঞ্চুরির দেখা পান এই অভিজ্ঞ ব্যাটার। এনামুল হকের বলে স্কুপ শটে বাউন্ডারি হাঁকিয়েই তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।
সেঞ্চুরি উদযাপনটিও ছিল যথেষ্ট আগুনে— মুষ্ঠিবদ্ধ হাত তুলে হুঙ্কার ছুড়ে দেন মুশফিক, চোখেমুখে ফুটে ওঠে প্রবল আত্মবিশ্বাস ও দৃঢ়তা।
মুশফিকের এমন খ্যাপাটে উদযাপন ক্রিকেটপ্রেমীদের নতুন নয়। তবে জাতীয় লিগের ম্যাচে এমন উদযাপন দেখে মুগ্ধ হয়েছে দর্শকরা। ধারণা করা হচ্ছে, আগের দিন এনামুলের একাধিক বাউন্সার, যার একটি তার হেলমেটে আঘাত করেছিল, সেটির জবাবই হয়তো দিলেন ব্যাটে ভর করে।
দলের কঠিন পরিস্থিতিতে একাই লড়াই করেছেন মুশফিক। দিনের শুরুতে দ্রুত দুই ব্যাটার এবাদত হোসেন ও খালেদ আহমেদ আউট হয়ে গেলে একপ্রান্ত আগলে খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রানে আউট হন মুশফিকুর রহিম। তার বিদায়ের সঙ্গে সিলেটের ইনিংসও গুটিয়ে যায় ২৯০ রানে।
ঢাকা বিভাগ পেয়েছে ২০ রানের লিড, তবে ম্যাচের আসল আকর্ষণ ছিনিয়ে নিয়েছেন মুশফিক তার অনবদ্য ইনিংস ও আগুনে উদযাপনে।
আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যদি সব ঠিক থাকে, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সেই ঐতিহাসিক ম্যাচের আগে ঘরোয়া লিগেই যেন নিজের প্রস্তুতিটা সেরে নিচ্ছেন দারুণভাবে।