Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু - Chief TV

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  31 views
শিবচরে  ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু  - Chief TV
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলার মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার বাসিন্দা এবং মোকশেদ হাওলাদারের স্ত্রী। এর আগে শুক্রবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হন শুকরণ বেগম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মোল্লাবাজার এলাকার রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
 
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করার পর নিখোঁজ শুকরণ বেগমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। স্বজনদের ধারণা, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় কোনো একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
 
নিহত শুকরণ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে। ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Share: