প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দেশের বাইরে বন্ধ থাকা শ্রমবাজার খুলতে সরকারের কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে এর সুফল দেখা যাবে। শনিবার সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৮০ দিনের বিশেষ কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে। সৌদি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বন্ধ বা অনিয়মিত শ্রমবাজার চালুর জন্য স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে।
স্পেনে প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো না পাওয়ার সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসী কার্ডও শিগগির চালু হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।