ঠাকুরগাঁও, ২০ অক্টোবর ২০২৫ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য ছাত্রনেতা মো. জুবায়েদ হোসেন-এর হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস পদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, ঠাকুরগাঁও পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম বাবু, এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম হৃদয়সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যা একটি পরিকল্পিত ও বর্বরোচিত ঘটনা। আমরা এর দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”