Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / বাহুবলে অবৈধ বালু উত্তোলনে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা - Chief TV

বাহুবলে অবৈধ বালু উত্তোলনে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  22 views
বাহুবলে অবৈধ বালু উত্তোলনে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা - Chief TV

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে শম্ভুপুর গ্রামের বাসিন্দা বিধু দেবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে নিজ জমি থেকে বালু উত্তোলন করছিলেন বিধু দেব। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।

অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন বরদাশত করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। যারা আইন অমান্য করে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।

অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের সদস্য ও উপজেলা আনসার বাহিনী সহযোগিতা করেন।


Share: