Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান - Chief TV

বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান - Chief TV

2026-01-26  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  123 views
বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান - Chief TV

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত এক রাজনৈতিক ঘটনায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ও অঙ্গসংগঠন ছেড়ে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার।

আজ রোববার রাত আটটার দিকে বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

জানা গেছে, যোগদান অনুষ্ঠানে জালাল হাওলাদারের সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় প্রতীকীভাবে তিনি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করান, যা দল পরিবর্তনের একটি ব্যতিক্রমী ও প্রতীকী আয়োজন হিসেবে উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আদর্শের প্রতি আকৃষ্ট হয়েই বিভিন্ন দল ও মতের মানুষ আজ দলে দলে জামায়াতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, “যাঁরা আজ নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাঁরা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

যোগদানকারী জালাল হাওলাদার বলেন, দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ন্যায় ও সততার রাজনীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামিকেই সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম মনে করেছেন। তাই তিনি স্বেচ্ছায় এই দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Share: