বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য গৌরবময় রেকর্ডের মালিক লিওনেল মেসি এবার যুক্ত হলেন একটি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানের সঙ্গে। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলারের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরুতে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে বিশ্বকাপে এটি হয়ে যায় তার ক্যারিয়ারের তৃতীয় পেনাল্টি মিস, যেখানে টাইব্রেকারের শটগুলো ধরা হয়নি। এর ফলে এতদিন ঘানার সাবেক তারকা আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে থাকা রেকর্ডে একক মালিকানা প্রতিষ্ঠা করেন তিনি।
এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। দুই ক্ষেত্রেই প্রতিপক্ষ গোলরক্ষক তার শট প্রতিহত করেছিলেন। এবার অস্ট্রিয়ার বিপক্ষে সুযোগ হাতছাড়া করে বিশ্বকাপ ইতিহাসের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।
তবে পেনাল্টি মিস করলেও ম্যাচে নিজের প্রভাব ঠিকই দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। পরবর্তীতে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন তিনি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪৯টি পেনাল্টি নিয়েছেন মেসি, যার মধ্যে ৩৩টিতেই গোল করতে ব্যর্থ হয়েছেন। যদিও এই সংখ্যা তার অসাধারণ ক্যারিয়ারের সামগ্রিক সাফল্যকে ম্লান করতে পারেনি।
এদিকে আর্জেন্টিনা দলে বর্তমানে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। ম্যাক-অ্যালিস্টার ১৩টি পেনাল্টির মধ্যে ১২টিতে সফল হয়েছেন, আর এনজো ফার্নান্দেজ ১২টির মধ্যে ১১টিতে গোল করেছেন।