Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য বাজেট বরাদ্দ চাইলেন শহীদ জাবিরের মা - Chief TV

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য বাজেট বরাদ্দ চাইলেন শহীদ জাবিরের মা - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  25 views
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য বাজেট বরাদ্দ চাইলেন শহীদ জাবিরের মা - Chief TV
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রোকেয়া বেগম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
 
তিনি বলেছেন, ফাউন্ডেশনটির কর্মীরা গত তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় মানবিক ও প্রশাসনিক সংকটের মধ্যে রয়েছেন। তাই তাদের কার্যক্রম সচল রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বক্তব্যে রোকেয়া বেগম বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও এখনো তাদের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে একই আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
 
তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র চার মাস অতিবাহিত হয়েছে, অথচ বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে নতুন আন্দোলনের কথা বলা হচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে সরকারের প্রতি আস্থা রেখে সহযোগিতার আহ্বান জানান তিনি।

রেহানা আক্তার রানু আরও বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক বিভাজন ও অস্থিতিশীলতা সৃষ্টি হলে ভবিষ্যতে দেশকে আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

Share: