বাংলাদেশে বসে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের জন্য অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
তিনি জানান, গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করছিলেন। তাদের পরিচালিত চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর শীর্ষ তালিকায় জায়গা করে নেয়।
তদন্তে জানা গেছে, তারা বাংলাদেশ থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা এবং প্রকাশ করতেন। এসব কনটেন্টের মাধ্যমে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করছিলেন।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। সিআইডির কর্মকর্তারা জানান, এ দম্পতি শুধু নিজেরাই অবৈধ কাজ করছিলেন না, বরং অন্যদেরও এতে যুক্ত হতে উৎসাহ দিচ্ছিলেন—ফলে দেশে বসে পর্ন ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ দম্পতির কার্যক্রম প্রথম প্রকাশ পায়।