Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / আমের হাটে লেনদেন সহজ করতে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক - Chief TV

আমের হাটে লেনদেন সহজ করতে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক - Chief TV

2026-07-11  মোঃ শামীম হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ  35 views
আমের হাটে লেনদেন সহজ করতে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক - Chief TV

আমের মৌসুমে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেনের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আম উৎপাদনকারী অঞ্চলগুলোর ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সীমিত পরিসরে খোলা থাকবে।

এই বিশেষ ব্যাংকিং সেবা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলাসহ বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার আমবাজার সংলগ্ন ব্যাংক শাখাগুলো এ সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আম বিক্রির বিপুল পরিমাণ অর্থ যাতে ব্যবসায়ীরা সহজে ও নিরাপদে ব্যাংকে জমা রাখতে পারেন এবং নগদ অর্থের প্রবাহ স্বাভাবিক থাকে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় আম ব্যবসায়ীরা জানান, আমের মৌসুমে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় এতদিন অর্থ লেনদেন ও নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ কাজ করত। নতুন এ উদ্যোগে তাদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় জনবল সমন্বয় করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়সূচি জানতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের স্থানীয় শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।


Share: