Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা - chief tv

আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  25 views
আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা - chief tv
নেত্রকোণার কেন্দুয়ায় ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ চলাকালে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং দীর্ঘদিন ধরে চলমান তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
 
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় অবস্থিত নেত্রকোণা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরই পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
 
এমনিতেই তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ ছিলেন গ্রাহকরা, তার ওপর খেলার শুরুতে বিদ্যুৎ চলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের ক্ষোভের চরম বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা জোনাল অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন অনভিপ্রেত ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
 
তবে আমরা এই মুহূর্তে কোনো আইনি পদক্ষেপ বা মামলা দায়েরের কথা ভাবছি না। পুরো বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Share: