ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পুলিশের বিশেষ শাখা তিনটি ক্যাটাগরিতে এসব কেন্দ্রের তালিকা তৈরি করেছে।
তালিকা অনুযায়ী, জেলায় ১৮৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২২৩টি কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। নির্বাচনী প্রচারণাকে ঘিরে সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এসব কেন্দ্রকে গোলযোগপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কোন কেন্দ্রে কতজন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন—তা নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত সারাদেশে ২০০টির বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৫০টি আসনে সংঘর্ষের ঘটনা ঘটলেও অন্য এলাকাগুলোতে পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলমান আছে। কেন্দ্রভিত্তিক ঝুঁকি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।