Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / ছিনতাইকালে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু - Chief TV

ছিনতাইকালে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু - Chief TV

2025-12-08  ডেস্ক রিপোর্ট  152 views
ছিনতাইকালে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে  শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু - Chief TV

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাইকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ফখরুল ইসলাম মঞ্জুর (২৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্দার বাড়ির দরজার সামনে এই ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম মঞ্জু চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার রোহন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ ৫টির বেশি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে এক ব্যবসায়ীকে সিএনজি থেকে নামিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় বিষয়টি জানাজানি হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে গণপিটুনি দিলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, নিহত মঞ্জু এলাকার একজন চিহ্নিত অপরাধী। তিনি তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ছিল। বেগমগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৫টি মামলা, ২টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) এবং একাধিক অভিযোগ রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টির বেশি মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত চলছে।
 


Share: