Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / দাম না বাড়িয়ে ইন্টারনেট গতির নতুন প্যাকেজ ঘোষণা - Chief TV

দাম না বাড়িয়ে ইন্টারনেট গতির নতুন প্যাকেজ ঘোষণা - Chief TV

2026-01-11  ডেস্ক রিপোর্ট  165 views
দাম না বাড়িয়ে ইন্টারনেট গতির নতুন প্যাকেজ ঘোষণা - Chief TV

গ্রাহকদের আরও উন্নত ও দ্রুতগতির ডিজিটাল সেবা দিতে ইন্টারনেট প্যাকেজের গতি সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ ক্ষেত্রে মাসিক প্যাকেজের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ব্যবস্থার ফলে গ্রাহকরা আগের মতোই খরচে আরও বেশি গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবার অভিজ্ঞতা আরও উন্নত হবে।

নতুন ঘোষিত প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকার ৫ এমবিপিএস গতির ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। একইভাবে ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ উন্নীত হয়ে ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং একই মূল্যে ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি এখন ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে পরিণত হয়েছে।

এ ছাড়া ৮০০ টাকার ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’, ১ হাজার ৫০ টাকার ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ উন্নীত হয়ে ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’ এবং ১ হাজার ১৫০ টাকার ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজটি এখন ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে রূপ নিয়েছে।

একই সঙ্গে ১ হাজার ৩০০ টাকার ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’, ১ হাজার ৫০০ টাকার ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজটি ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১ হাজার ৭০০ টাকার ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজটি এখন ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

বিটিসিএল কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন, যা দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব ও যুগোপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news