দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে খালেদ মিয়া নামে একজন বাংলাদেশি যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সকাল ১০টার দিকে শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
খালেদ মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের কছির আলীর একমাত্র সন্তান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও জোহানেসবার্গের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পরিবার ও প্রবাসী সূত্র জানায়, খালেদ জোহানেসবার্গে তার মামা, অ্যাডভোকেট আফরোজ উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনায় নিয়োজিত ছিলেন। গত শনিবার তিনি ব্যাংক থেকে ব্যবসায়িক কাজে টাকা উত্তোলনের পর বেরিয়ে আসেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। খালেদ গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে খালেদের মরদেহ জোহানেসবার্গের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বলেন, “খালেদ অত্যন্ত ভদ্র ও মৃদুভাষী একজন যুবক ছিলেন। জোহানেসবার্গের বাংলাদেশি কমিউনিটির পরিচিত ও প্রিয় মুখ ছিল তিনি।”
প্রবাসী বাংলাদেশিরা খালেদের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এদিকে, বিশ্বনাথের টেংরা গ্রামের খালেদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার মা-বাবা দুঃখে স্তম্ভিত।