গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ডেগেরচালা এলাকায় অবস্থিত একটি বহুতল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে 'ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড' নামের ওই কারখানার ষষ্ঠ তলায় হঠাৎ করেই এই আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া পুরো ফ্লোরে ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারখানায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত পাঁচটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারখানায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত পাঁচটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।
বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার প্রত্যক্ষ নেতৃত্বে ফায়ার ফাইটাররা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে প্রথমে কারখানার ভেতরের কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।
তবে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।