Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ, পথে পথে পুলিশ-সেনা-বিজিবি মোতায়েন - Chief TV

হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ, পথে পথে পুলিশ-সেনা-বিজিবি মোতায়েন - Chief TV

2025-12-31  ডেস্ক রিপোর্ট  147 views
হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ, পথে পথে পুলিশ-সেনা-বিজিবি মোতায়েন - Chief TV

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীজুড়ে জনস্রোত নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড, তালতলা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগোতে থাকে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়কটি বন্ধ রাখা হয়েছে। তবে মিরপুর ও মহাখালী-বনানীমুখী রাস্তায় সীমিত পরিসরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। নিরাপত্তা জোরদারে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেখা যায়, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় যেমন বেড়েছে, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। শিশুমেলা, শেরেবাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবনসংলগ্ন সড়ক ও অলিগলিতে দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন সারি করে রাখা রয়েছে। এসব যানেই রাত ও সকালবেলা বিভিন্ন জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় পৌঁছান।

শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের সামনে সেনাবাহিনী রাস্তা ডাইভারশন করেছে, যেখানে কেবল ডানদিকে মোড় নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিকল্পনা কমিশনের সামনের সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একইভাবে আগারগাঁও থেকে খামারবাড়ি-ফার্মগেট রুট বন্ধ থাকলেও সাধারণ মানুষকে হেঁটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। পথে পথে সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।

নেত্রকোনা থেকে আসা যুবদল নেতা আজিজুল ইসলাম বলেন, আপসহীন নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে তারা কষ্ট স্বীকার করেই ঢাকায় এসেছেন। যান চলাচল বন্ধ থাকায় আগারগাঁও থেকে হেঁটেই জানাজাস্থলে যাচ্ছেন।
দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান জানান, গাবতলীতে নেমে শ্যামলী হয়ে আগারগাঁও পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে, তবুও জানাজায় অংশ নেওয়ার আগ্রহে তারা এগিয়ে চলেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অতিরিক্ত জনসমাগমের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) নামার র‍্যাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয়সরণী সড়কে সীমিত যান চলাচল চালু রয়েছে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। বনানী-মহাখালী-গুলশান ও বিমানবন্দর এলাকা থেকে শাহবাগ, মতিঝিল ও পল্টনগামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে টেকনিক্যাল ও শ্যামলী রিংরোড ব্যবহার করছে। একইভাবে মিরপুর থেকে মতিঝিলগামী যানগুলো শ্যামলী হয়ে আগারগাঁও ক্রসিং, লিংক রোড ও মগবাজার ফ্লাইওভার দিয়ে চলাচল করছে।

পান্থপথ থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত যান চলাচল সীমিত রাখা হয়েছে। ধানমন্ডি ৩২ ও প্রয়োজনে সায়েন্সল্যাব এলাকাতেও যানবাহন ডাইভারশন করা হয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়