পোস্টাল ব্যালট ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা পক্ষপাতদুষ্ট ও সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ—এমন অভিযোগ তুলে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (আজ) বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড স্থাপন করেছে। ব্যারিকেডের সামনেই সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তারা বক্তব্য রাখেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।
ছাত্রদলের ঘোষিত তিনটি দাবি হলো—
প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
তৃতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে একই সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শেষ দিনের শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিলের শুনানি এবং পূর্বে রায়ের জন্য অপেক্ষমাণ থাকা আপিলগুলোর নিষ্পত্তি করা হবে। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই শুনানি চলার কথা রয়েছে।