Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড - Chief TV

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড - Chief TV

2026-04-23  ডেস্ক রিপোর্ট  21 views
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড - Chief TV

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার ছফির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ (বাপ্পী), পাথালিয়া নাউভাঙ্গা চর এলাকার কাবের উদ্দিনের ছেলে কালাম মাকু এবং একই এলাকার দুখু মিয়ার ছেলে রুকু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে জামালপুর শহরের হযরত শাহ্ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। এরপর অভিযুক্ত বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু তাকে একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা চলাকালীন আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই কঠোর দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে বুলবুল ও কালাম আদালতে উপস্থিত থাকলেও আসামি রুকু এখনো পলাতক রয়েছেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি সমাজে অপরাধ প্রবণতা কমাতে দৃষ্টান্ত হয়ে থাকবে।


Share: