কারাগারে থাকার দিনগুলোতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়মিত গান শুনিয়ে আসর জমাতেন জনপ্রিয় সংগীতশিল্পী ও মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগম। জামিনে কারামুক্ত হওয়ার পর নিজ বাড়িতে এসে জেলজীবনের নানা স্মৃতির কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী নিজেই এই তথ্য জানান।
বৃহস্পতিবার দুপুরে আইভীর সঙ্গে তাঁর স্কুলজীবনের বন্ধুরা দেখা করতে এলে খোশগল্পের একপর্যায়ে তিনি জানান, জেলে মমতাজ বেগম অবসর সময়ে প্রায়ই গানের আসর বসাতেন এবং তিনিই ছিলেন সেখানে মূল শিল্পী। তবে মমতাজের গানের তালিকায় থাকা ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’ গানটি গাইতে আইভী তাকে বিশেষভাবে নিষেধ করেছিলেন।
আইভী মমতাজকে বলেছিলেন, তিনি যেদিন জেল থেকে মুক্তির চূড়ান্ত আদেশ পাবেন, সেদিন এই গানটি গাইলে তাঁর কোনো আপত্তি থাকবে না, কারণ বাড়ি ফিরে তিনি পরিবারের সঙ্গে সেই দুঃখ ভাগাভাগি করতে পারবেন।
আসলে এই গানটি শুনলেই আইভীর মনে পড়ে যেত তাঁর সদ্যপ্রয়াত ভাই আহমদ আলী রেজা রিপনের কথা, যিনি ২০২৫ সালের ৭ এপ্রিল ৫৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ভাইয়ের মৃত্যুর মাত্র এক মাস পর ৯ মে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল।
চার বছর আগে স্ত্রীর মৃত্যুর পর থেকে রিপনের এতিম তিন সন্তান ফুফু আইভীর কাছেই লালন-পালন হচ্ছিল। ঘটনাচক্রে, আইভী যেদিন বিকেলে মুক্তি পান, ঠিক তার কিছুক্ষণ আগেই জেলের গানের আড্ডায় মমতাজ এই গানটি গেয়েছিলেন, যদিও তখনো আইভী জানতেন না যে বিকেলেই তাঁর মুক্তির আদেশ চলে আসবে।