বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে দেশটির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কখনোই জয়ী হতে পারবে না।
গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, অবাধ ও সুষ্ঠু কোনো নির্বাচনে জামায়াত অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও পারবে না। তার ভাষায়, দলটি কখনো পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। প্রকৃত অর্থে তাদের উল্লেখযোগ্য জনসমর্থন নেই।
তিনি আরও বলেন, “কেউ যদি তাদের সামনে এগিয়ে দেয়, তাহলে ভিন্ন কথা। নইলে নির্বাচনে অনিয়ম ছাড়া তাদের ক্ষমতায় আসা সম্ভব নয়।”
বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সাবেক এই কূটনীতিক জানান, ভারত সব সময় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়—যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সে ধরনের পরিবেশ তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, আদৌ নির্বাচন হবে কি না, সেটিও স্পষ্ট নয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নির্বাচন হলেও কোন পরিস্থিতিতে হবে, তা নিয়েও অনিশ্চয়তা আছে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে।