বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিপিবি বগুড়া জেলা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ শুক্রবার বিকাল ৪টায় উদীচী বগুড়া জেলা কার্যালয়ে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আমিনুল ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলী সেখের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতমাথাস্হ পার্টি কার্যালয়ে সকাল ০৮ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকাল ০৪ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুরুতে বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যাঁরা শহীদের মৃত্যু বরন করেছেন ও জীবন উৎসর্গ করেছেন তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের লড়াই-সংগ্রামের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, ১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআই-এর দ্বিতীয় কংগ্রেসে সদ্য স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একইসঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করে।
পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই কমিউনিস্ট কর্মীদের ওপর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর হত্যা, নির্যাতন, জেল-জুলুম-হুঁলিয়ার খড়গ নেমে আসে। হাজার হাজার কমিউনিস্টকে দেশত্যাগে বাধ্য করা হয়। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর খাপড়া ওয়ার্ড কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পুলিশ গুলি চালালে ৭ জন কমরেড শহীদ হন। পূর্ব পাকিস্তানের কমিউনিস্টরা তীব্র গণআন্দোলন গড়ে তোলেন। তেভাগা, নানকার, টংকসহ বিভিন্ন কৃষক-শ্রমিক আন্দোলনের পাশাপাশি ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করেন। ঐতিহ্যবাহী গণসংগঠনসমূহ প্রতিষ্ঠার পেছনে কমিউনিস্ট পার্টির ভূমিকাই মুখ্য।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলনসহ দীর্ঘদিনের গণসংগ্রামে এবং মুক্তিযুদ্ধে সিপিবি’র ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।
শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত সমতাভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াইয়ে অবিচল সংগ্রাম চালিয়েছে কমিউনিস্ট পার্টি।
সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহনিয়াজ কবির পাপ্পু, জেলা কমিটির সদস্য ফিরোজ আকতার পলাশ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়ার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটি সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ ও সহ সভাপতি অখিল পাল, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এর সাধারণ সম্পাদক জয় ভৌমিক প্রমূখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভা পতি: বায়েজিদ রহমান, সহ- সভাপতি মিলন হোসেন।
আলোচনা সভা শেষে লাল পতাকার একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।