ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেশটির তেল পরিবহন খাতে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ক্যারিবীয় সাগর থেকে ভেনেজুয়েলার পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী।
শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড এ তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, ‘ওলিনা’ নামের একটি তেলবাহী জাহাজ তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তবে জাহাজটি আটক করার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ তেল পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাজটির ওপর আগেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বার্তা সংস্থা এপি জানায়, মার্কিন সরকারি নথি অনুযায়ী ‘ওলিনা’ জাহাজটি আগে ‘মিনার্ভা এম’ নামে পরিচিত ছিল এবং সে সময় রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত হওয়ায় এটি নিষেধাজ্ঞার আওতায় আসে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ এবং ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুটি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। তারও আগে, গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি তেলবাহী জাহাজ মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়।