Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৫ পুলিশসহ আহত - Chief TV

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৫ পুলিশসহ আহত - Chief TV

2026-06-14  ডেস্ক রিপোর্ট  32 views
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৫ পুলিশসহ আহত  - Chief TV
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এক মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের তীব্র গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারিদের ছোঁড়া ইটপাটকেল ও হামলায় দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
অন্যদিকে সহযোগীদের ছোঁড়া গুলিতে শীর্ষ মাদক কারবারি মনির ওরফে 'ফাইটার মনির' পায়ে গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক সম্রাট ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন— ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকার, এসআই মনির, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার বিবরণ দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাসদাইর গুদারাঘাট এলাকার চিহ্নিত মাদক স্পটে ঝটিকা অভিযান চালায়।
 
অভিযানকালে ১৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি ফাইটার মনির এবং তার দুই সহযোগী মাসুম ও নাঈমকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে মনিরের সশস্ত্র সহযোগীরা দলবদ্ধ হয়ে আটককৃতদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় হামলাকারী মাদক কারবারিদের নিজেদের ছোঁড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই নেতা ফাইটার মনিরের পায়ে বিদ্ধ হয়।
 
একই সাথে ইটপাটকেলের আঘাতে গুরুতর জখম হন দায়িত্ব পালনরত পাঁচ পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের শক্ত পাল্টা প্রতিরোধের মুখে টিকতে না পেরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
 
ওসি আরও জানান, গুলিবিদ্ধ মাদক কারবারিকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share: