Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে শিশুর মৃত্যু - Chief TV

নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে শিশুর মৃত্যু - Chief TV

2026-04-03  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  62 views
নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে শিশুর মৃত্যু - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের তুলশীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ফারুক আহম্মেদের ছেলে এবং রাজকান্দা-ঠেংগাপুর ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মাদ্রাসা ছুটি হয়। বাড়ি কাছাকাছি হওয়ায় আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। পরে সকাল দশটার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার-ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি চালায়। দীর্ঘ সময় খুঁজেও তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।

খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদীর গভীর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেজাবিন তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী খোকন হোসেন বলেন, সকালে কয়েকজন ছাত্র নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়। আমরা অনেক খোঁজ করেও পাইনি। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম রাব্বী জানান, মাদ্রাসা ছুটি থাকায় তারা বাড়ি থেকে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার ভালোভাবে না জানায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ আঠারো পারা কোরআনের হাফেজ ছিল।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। স্থানীয়দের সহায়তায় নদীর গভীর অংশ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


Share: