Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ - Chief TV

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ - Chief TV

2026-01-24  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  121 views
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এবং গত ২২ জানুয়ারি বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার ও জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘন করেছেন। বিধি অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা তৎকর্তৃক মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।

তবে জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এই বিধি লঙ্ঘন করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের অনুষ্ঠানে ভোট প্রার্থনা করেন।

এছাড়া একই বিধিমালার বিধি ৭(চ) অনুযায়ী দফা (ঙ)-এ উল্লেখ থাকলেও যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুনে ব্যবহার করতে পারবেন না—বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এই বিধি লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

অপরদিকে জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম একই বিধিমালার বিধি ৭(ঙ) লঙ্ঘন করেছেন। তিনি নির্বাচনী প্রচারণায় রঙিন লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করেছেন।

নোটিশে আরও বলা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে হবে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Share:

ট্যাগস: chief tv news chief tv জাতীয়