বন্ধুত্ব মানে কেবল আনন্দ-উল্লাস নয়, বরং বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সাহস জোগানোর নামই যে প্রকৃত বন্ধুত্ব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার মুরাদনগরের একদল যুবক। অসুস্থ বন্ধুর একাকিত্ব দূর করতে এবং তার মন ভালো রাখতে একসঙ্গে মাথা ন্যাড়া করেছেন ১০ বন্ধু। হৃদয়ছোঁয়া এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারে। জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক দীর্ঘদিন ধরে মাথার ত্বকের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে গত বুধবার তিনি মাথা ন্যাড়া করতে বাধ্য হন। বন্ধুর এই অসুস্থতা এবং ন্যাড়া হওয়ার কারণে সজীব যেন হীনম্মন্যতায় না ভোগেন, সেজন্য তার প্রতি সংহতি প্রকাশ করে একে একে নিজেদের মাথা ন্যাড়া করে ফেলেন আরও ৯ বন্ধু।
সজীবের সাথে এই তালিকায় যুক্ত হন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা জানান, সজীব যাতে নিজেকে একা মনে না করেন এবং মানসিকভাবে ভেঙে না পড়েন, সেই উদ্দেশ্য থেকেই তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, বর্তমান সময়ে এমন নিঃস্বার্থ বন্ধুত্বের নজির বিরল। এই যুবকরা প্রমাণ করেছেন যে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার নামই জীবন।
বন্ধুদের এমন অকৃত্রিম ভালোবাসার জবাবে সজীবও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের একটি চটপটি হাউসের ছাদে বন্ধুদের সম্মানে তিনি এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি দেশি মোরগ তুলে দেওয়া হয় বন্ধুদের হাতে। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে একটি করে হাতঘড়ি উপহার দেন সজীব।
মুরাদনগরের এই যুবকদের বন্ধুত্বের গল্পটি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়। রক্তের সম্পর্কের বাইরেও যে হৃদয়ের বন্ধন কতটা গভীর হতে পারে, এই ১০ যুবক যেন সেই সত্যকেই নতুন করে মনে করিয়ে দিলেন।