Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন - Chief TV

পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন - Chief TV

2026-06-01  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  30 views

পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কেকুপাড়া কবরস্থানে ভাই-বোনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। নিহত আসিফ ও সাথী একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান। তারা স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটির বাবা মারা যাওয়ার পর তারা মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করছিল। জীবিকার তাগিদে আছিয়া খাতুন বিভিন্ন বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করেন। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে কাজে যান তিনি। সন্ধ্যায় বাড়ি ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও অনুসন্ধানে যোগ দেন।

রাতের দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখতে পান। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তলদেশ থেকে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যেতে পারে।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, “দুই শিশুর বাবা নেই। তাদের মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন। কাজ থেকে ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে তিনি ভেঙে পড়েছেন। এই শোকের মুহূর্তে পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


Share: