প্রেমিকের ‘ফিল্মি স্টাইলে’ কিশোরীকে তুলে নেওয়ার ঘটনা: কুমিল্লায় তোলপাড়
কুমিল্লার লাকসামে এক কিশোরীকে (১৬) তার নিজ বাড়ি থেকে নাটকীয় কায়দায় তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার (১ জুন) রাতে উপজেলার হারাখাল গ্রামে এই ঘটনা ঘটে। পরবর্তীতে মঙ্গলবার (২ জুন) রাতে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে এক কিশোরীকে কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশে বেশ কিছু উৎসুক মানুষের উপস্থিতি থাকলেও তারা ছিলেন নিষ্ক্রিয়। কিশোরীর পরিবারের সদস্যরা চিৎকার ও বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রতিবেশীদের কেউ এগিয়ে আসেনি। তবে পুরো প্রক্রিয়াকালে কিশোরীটিকে বেশ শান্ত থাকতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাকসামের হারাখাল এলাকার ওই কিশোরীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার ৩২ বছর বয়সী যুবক মো. মাসুদ রানার প্রেমের সম্পর্ক ছিল। পূর্বে তারা দুজন পালিয়ে বিয়েও করেছিলেন। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। সেই মামলায় পুলিশ দুজনকে উদ্ধার করে আদালতে পাঠালে আদালত মাসুদকে কারাগারে পাঠান এবং কিশোরীকে পরিবারের জিম্মায় দেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েই সোমবার রাতে দলবল নিয়ে এসে কিশোরীকে পুনরায় নিয়ে যান মাসুদ।
এদিকে কিশোরীর মায়ের অভিযোগ ভিন্ন। তিনি দাবি করেন, সোমবার রাতে মাসুদ তার সহযোগীদের নিয়ে তাদের বাড়িতে আকস্মিক হামলা, ভাঙচুর ও মারধর চালায়। এরপর তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। শুধু তাই নয়, হামলাকারীরা ঘর থেকে নগদ ১৭ লাখ টাকা এবং ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ তোলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী জানান, ওই কিশোরী ও মাসুদের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়েও করেছিল। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি জটিলতায় মাসুদকে জেল খাটতে হয়েছে। জামিনে বের হয়ে সে আবারও মেয়েটিকে নিয়ে গেছে।
ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তুলে নিয়ে যাওয়ার সময় কিশোরীর সম্মতি ছিল। তবে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কিশোরীর পরিবার থানায় একটি নতুন অভিযোগ দায়ের করেছে এবং মেয়েটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।