সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ হাসুয়া, দা ও ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ জানুয়ারি) রাতে গ্রামের একটি ইসলামী জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব ও শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি উভয় পক্ষের অভিভাবকরা জানার পর তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
রোববার সকাল ১০টার দিকে গ্রামের মাহফুজ সরকার পক্ষ ও জিয়ারুল ফকির পক্ষের অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। সকাল ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে মাহফুজ সরকার পক্ষের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ফকির পক্ষের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের শাহজাদপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি না করার মর্মে মুচলেকা নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।