রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোটর শ্রমিকদের হামলার শিকার হন সাংবাদিক মো. রায়হান হোসেন। ঘটনার পর এটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়, যার পরপরই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
তবে মামলা হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
মামলার বাদী সাংবাদিক মো. রায়হান হোসেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে ওসি আসলামের কাছে বলেন,
“গণমাধ্যমে নিউজ হয়েছে, সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষী রয়েছে, এবং ভিডিওর মধ্যে লাঠি হাতে ব্যক্তিদের ছবি আছে। তবুও কেন গ্রেপ্তার করা হচ্ছে না?”
জবাবে ওসি বলেন,
“তদন্ত করে আমরা সরাসরি মারছে এমন কোনো ভিডিও পাইনি, সাক্ষীও পাইনি। ভিডিওতে যদি মারার দৃশ্য দেখায়, সেই ভিডিও লিংক দিন।”
বাদী তখন প্রশ্ন করেন,
“পাঁচ মাস হয়ে গেছে, এখনো কাউকে ধরতে পারলেন না — তবে এটা কি পুলিশের ব্যর্থতা নয়?”
ওসির সরাসরি উত্তর,
“হ্যাঁ, পারিনি। ব্যর্থতা হলে কিছু করার নেই।”
বাদী ‘কালের কণ্ঠ’কে জানান, হামলার ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এখনো তার সঙ্গে একবারও যোগাযোগ করেননি। বরং তিনি নিজে যোগাযোগ করার চেষ্টা করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান।
পাঁচ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রমে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যেও।