মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের তারা বানুর (৭৫) মরদেহ দেখার সুযোগ পেয়েছেন তার ভারতীয় মেয়ে মালেকা বেগমসহ (৪০) এবং সেখানকার আত্মীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্যরেখায় বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ওই বাংলাদেশী নাগরিকের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
মৃত তারা বানু (৭৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জমিনপুর গ্রামের সামসুল হকের স্ত্রী। সোমবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তারা বানুর মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিএসএফের কাছে আবেদন জানিয়েছিলেন তার মেয়ে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার দুশতদিঘি গ্রামের মালেকা বেগম (৪০)। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ যোগাযোগ করে বিজিবির সাথে এবং ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে আন্তর্জাতিক সীমারেখায় মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়। এ সময় তারা বানুর ভারতীয় স্বজনরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরণের কার্যক্রমকে মৌলিক কর্তব্য মনে করি আমরা। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।’