Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / সেন্টমার্টিনের কাছে ২৭৩ জনকে আটক করল নৌবাহিনী - Chief TV

সেন্টমার্টিনের কাছে ২৭৩ জনকে আটক করল নৌবাহিনী - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  129 views
সেন্টমার্টিনের কাছে ২৭৩ জনকে আটক করল নৌবাহিনী - Chief TV

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনীর মিডিয়া উইং থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ শনিবার দিবাগত রাত থেকে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেন্টমার্টিন দ্বীপের প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনী জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নৌবাহিনীর জাহাজ বোটটিকে ধাওয়া করে ভোরের দিকে আটক করতে সক্ষম হয়।

আটকের সময় বোটটিতে থাকা মানবপাচার চক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

নৌবাহিনীর সময়োপযোগী ও কার্যকর অভিযানের ফলে একটি বড় ধরনের মানবপাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আটককৃত বোট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


Share: