সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক বার্তায় তিনি বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অভূতপূর্ব।
তারেক রহমান জানান, জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ অংশ নেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গণমাধ্যমকর্মী এবং বিএনপির নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন।
তিনি দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।