কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনায় আবু হানিফ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত আবু হানিফ (২২) লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে এবং পেশায় একজন মৎস্যজীবী।
আহতের বাবা ফজল করিম জানান, সকালে নাফ নদীর বাংলাদেশ অংশে জেগে ওঠা ছোট দ্বীপ শাহজাহানের দ্বীপে মাছ ধরতে যান তার ছেলে। মাছ ধরার এক পর্যায়ে নদীতে নামার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আবু হানিফ মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণের ফলে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পা আংশিকভাবে আহত হয়। তিনি ধারণা করছেন, সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয়রা আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়েছেন তারা। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সীমান্তে দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগের দিন রোববার আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আহত শিশু আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।