Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব- Chief TV

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব- Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  202 views
ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব- Chief TV

আগামী সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে ভোটের আগে ও পরে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, শুরুতে ভোটের সময়সীমার আগে-পরে মোট পাঁচ দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা ছিল। তবে বৈঠকে এ সময় বাড়িয়ে আট দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি এখন পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী কোনো শঙ্কা প্রকাশ করেনি। নিরাপত্তা পরিকল্পনা অনেকাংশে বাজেটের ওপর নির্ভর করবে। বাজেট বরাদ্দ চূড়ান্ত হলে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সচিব আরও জানান, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে এবং পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা বাধ্যতামূলক করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী রমজানের আগে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আট দিনের জন্য মাঠে ছিল সশস্ত্র বাহিনী, তবে যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী ১০ দিন মাঠে ছিল।


Share:

ট্যাগস: chief tv chief tv news political news