Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ভোটের মাঠে আনসার-ভিডিপি থাকবেন যতজন - Chief TV

ভোটের মাঠে আনসার-ভিডিপি থাকবেন যতজন - Chief TV

2026-01-12  ডেস্ক রিপোর্ট  134 views
ভোটের মাঠে আনসার-ভিডিপি থাকবেন যতজন - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এদিন ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড) অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী, ছয়জন অস্ত্রবিহীন পুরুষ এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অস্ত্রধারী সদস্যদের একজন সার্বক্ষণিকভাবে নির্বাচনকালীন প্রিজাইডিং অফিসারের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এ সময় আনসার সদস্যদের উদ্দেশে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতদুষ্ট বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না—যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করতে পারে।

নবীন সদস্যদের উদ্দেশে বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসন রক্ষা করা এবং দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থেকে একটি নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়