নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘদিন ধরে ভবন নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে প্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে মতবিরোধ চলছিল। ভবন নির্মাণের কারণে খেলার মাঠের পরিসর সংকুচিত হয়ে সৌন্দর্য ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন এলাকাবাসী।
এ অবস্থায় সংসদ সদস্য আব্দুল মুনতাকিম সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধের সুষ্ঠু সমাধান করেন। তিনি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রধান শিক্ষক, সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক বৈঠকের মাধ্যমে ঐকমত্যে পৌঁছান। পরে সকলের সম্মতিতে ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মানেই এলাকার ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন। সকল ভেদাভেদ ভুলে শিক্ষা ও উন্নয়নের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকারের শিক্ষা অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজে এই নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আশা করছেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সুযোগ পাবে।