ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসসহ নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এবং সমালোচিত পাকিস্তানের টিকটক তারকা **সামিয়া হিজাব এবার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি জানান, নিজ দেশের জনগণের চিন্তাভাবনা ও সরকারের আচরণের কারণে পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।
সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে সামিয়া হিজাবকে নিজের দেশের মানুষ ও সরকারের প্রতি তীব্র হতাশা প্রকাশ করতে দেখা গেছে। তিনি বলেন,
“সময়ের সঙ্গে সঙ্গে যদি আমার পোশাকের পছন্দ বদলায়, তবে তার দায় আমার নয়—এটা জাতির দোষ।”
সামিয়ার দাবি, সংকীর্ণমনা চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবনকে কঠিন করে তুলেছে। তিনি অভিযোগ করেন, সরকার ও সমাজ উভয়ের কাছ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তার ভাষায়,
“সরকার ও জনগণ এক—ভেতরে সবাই একই।”
এ ছাড়াও তিনি নিজের পরিস্থিতিকে আলোচিত ইউটিউবার রজব বাটের সঙ্গে তুলনা করেছেন। কয়েক মাস আগে তিনিও একই ধরনের সামাজিক ও মানসিক চাপের কারণে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। সামিয়া বলেন,
“আমি ও রজব বাট—দুজনেই নিজেদের দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। মানসিক ও সামাজিক চাপের কারণেই আমাকে দেশ ছাড়তে হয়েছে।”
বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছেন। সেখান থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি। তবে তার টিকটক অ্যাকাউন্ট এখন প্রাইভেট করা হয়েছে।
যদিও সামিয়া নিশ্চিত করেননি, তিনি দুবাইয়ে ভ্রমণের জন্য গেছেন নাকি স্থায়ীভাবে সেখানেই বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।