চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার গভীর রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
এর আগে রোববার দুপুরে রাজধানী থেকে ডিবির সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ মেলায় অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল।
এদিকে আটকের ঘটনার পরপরই খাইরুল ইসলাম সজীবকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে যুবদল।
এদিকে আটকের ঘটনার পরপরই খাইরুল ইসলাম সজীবকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে যুবদল।
রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।