কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ কেজি গাঁজাসহ কাউছার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শশীদল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক কাউছার শশীদল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং ইউপি সদস্য নূরুল ইসলামের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নূরুল ইসলামের বাড়ির পাশের বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউছারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাড়ির ছাদে অভিযান চালিয়ে আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় ইউপি সদস্য নূরুল ইসলাম ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।