ভারত উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও নিরাপদ ও শক্তিশালী করতে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন্স নেক’ এলাকায় ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের তিন মাইল হাট থেকে শিলিগুড়ি হয়ে রাঙাপাণি পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গপথে ট্রেন চলবে। প্রকল্পটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এই করিডোরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বজায় থাকে। নতুন ভূগর্ভস্থ রেলপথ চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি সেনা ও সামরিক সরঞ্জাম নিরাপদে পরিবহন করা সহজ হবে।
এ ছাড়া ব্রহ্মপুত্র নদের নিচ দিয়েও প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ আরেকটি সুড়ঙ্গ নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। এই সুড়ঙ্গ দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল করতে পারবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সামরিক ও অর্থনৈতিক দিক থেকেও বড় সুবিধা পাবে ভারত।