Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / পাকিস্তানের বান্নুতে দুই বিস্ফোরণে ৭ জন নিহত - Chief TV

পাকিস্তানের বান্নুতে দুই বিস্ফোরণে ৭ জন নিহত - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  15 views
পাকিস্তানের বান্নুতে দুই বিস্ফোরণে ৭ জন নিহত - Chief TV

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আধা-উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকায় দুটি পৃথক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফাং মুসা খেল এলাকায় রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। প্রথম বিস্ফোরণে একটি প্রাইভেট গাড়ি ধ্বংস হয়ে যায় এবং পাঁচজন নিহত হন।

বিবৃতিতে আরও জানানো হয়, আহতদের হাসপাতালে নেওয়ার পথে একই এলাকায় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। ওই বিস্ফোরণে আরও দুইজন নিহত হন এবং সংশ্লিষ্ট গাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর উদ্ধার কার্যক্রম চলাকালে হঠাৎ দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।


Share: