Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা - Chief TV

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  31 views
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা - Chief TV
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
 
এমন দুর্যোগময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম পৌঁছানোর পরপরই তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, অনেক ঘরবাড়ি এখনো পানির নিচে তলিয়ে আছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছে।
 
তিনি এই সংকটাপন্ন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে অভিহিত করে বলেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

পরিদর্শন শেষে জামায়াত আমির অসহায় পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
 
তিনি দুর্যোগ মোকাবিলায় দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান,
 
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share: