দেশে ব্যাংকের সংখ্যা অতিরিক্ত বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, বর্তমান বাস্তবতায় ব্যাংক খাতকে পুনর্গঠন ও সীমিত করার প্রয়োজন রয়েছে, নইলে অর্থনৈতিক চাপ আরও বাড়বে।
রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশে অর্থ সংকট ও ব্যাংক খাতে অনিয়মের কারণে সাধারণ মানুষের টাকা নিয়ে আস্থাহীনতা তৈরি হয়েছে। তার মতে, রাজনৈতিক প্রভাব ও অপ্রয়োজনীয় লাইসেন্সের কারণে ব্যাংক ও লিজিং কোম্পানির সংখ্যা বেড়ে গেছে, যা বন্ধ করা উচিত।
তিনি আরও বলেন, অনেকেই ব্যাংকে টাকা রাখতে না পেরে ঘরে নগদ অর্থ রাখছেন, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি থেকে বের হতে হলে ব্যবস্থাপনা ও নীতিগত পরিবর্তন দরকার বলে তিনি মন্তব্য করেন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি মানি লন্ডারিং প্রসঙ্গও তুলে ধরেন। তার দাবি, স্বাধীনতার পর থেকে বড় অঙ্কের অর্থ বিদেশে পাচার হলেও তা ফেরত আনা সম্ভব হয়নি। অর্থনীতিতে আস্থা ফেরাতে সিস্টেম পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।
এছাড়া তিনি ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের মতো কঠোর পদক্ষেপের ধারণাও তুলে ধরেন, যা নিয়ে দুই মাসের মধ্যে নগদ অর্থ ব্যাংকে জমা দিয়ে বৈধ করার প্রস্তাব দেন তিনি। তার মতে, এতে কর রাজস্ব বাড়বে এবং বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা, কৃষক ও ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগ থাকলেও বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হলে বাজেটের লক্ষ্য পূরণ কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।