প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO) পরিদর্শন করেছেন।
রোববার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান তিনি। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এই পরিদর্শনে পুরো প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানে পৌঁছে তিনি বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও বিভিন্ন গবেষণা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দেন, যা জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।