Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান - Chief TV

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান - Chief TV

2026-06-12  ডেস্ক রিপোর্ট  24 views
দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান - Chief TV
দীর্ঘ দুই দশকের বিরতি কাটিয়ে একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবারের এই হাইপ্রোফাইল সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
 
চারদলীয় জোট সরকারের পর কক্সবাজারে এটিই তার প্রথম সফর এবং বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর পর্যটন জেলাটিতে এটিই হতে যাচ্ছে তার প্রথম অফিশিয়াল আগমন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরের চূড়ান্ত সময়সূচি ও বর্ণাঢ্য কর্মসূচির কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে। সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
 
বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
 
এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে একটি চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শোকসন্তপ্ত শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দেবেন।
 
পরবর্তীতে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
 
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।
 
জনসভা সমাপ্ত করে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেওয়া ছাড়াও মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাত ১০টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share: